আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরলে প্রাইভেট কারের চাপায় মোটরসাইকেল ও চার্জারভ্যান আরোহী ২ জনের মৃত্যু হয়েছে এবং অপর ৪ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ (ঢাকা মেট্রো-গ-১৬-৭৮৩৭) নং প্রিমিও প্রাইভেটকার, মোটরসাইকেল ও চার্জার ভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিরল-দিনাজপুর সড়কের ভবানীপুর বানিয়াপাড়া নামক স্থানে প্রাইভেট কারের সাথে মোটরসাইকেল ও চার্জারভ্যান এর সংঘর্ষে ৬ জন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়া হলে কুড়িগ্রাম সদর থানার পুরাতন থানাপাড়া সংলগ্ন নিজাম উদ্দিনের ছেলে ছামছুদ্দিন ইসলাম (৫৩) ও বিরল উপজেলার বহলা হাজিপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে আলিফাকে (৭) চিকিৎসক মৃত ঘোষণা করে।
একই ঘটনায় নিহত ছামছুদ্দিন ইসলামের ছেলে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী মাহি ইসলাম (১৯), বিরল উপজেলার বহলা হাজিপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে নিহত আলিফার পিতা মোটরসাইকেল চালক নজরুল ইসলাম (৩০), শংকরপুর গ্রামের বাদলের ছেলে ভ্যানচালক রাকিব (১৮) ও ভ্যান আরোহী আরেফিন (১৯) চিকিৎসাধীন রয়েছে।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার পূর্বক যানচলাচল স্বাভাবিক করে। রাতে এ রিপোর্ট লেখাকালীন নিহতদের পক্ষ হতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছিল।
আমন্ত্রণ/এজি


































