দৈনিক আমন্ত্রণ বিনোদন ডেস্ক :
ঈদ উপলক্ষে বলিউডে প্রতি বছরই মুক্তি পায় একাধিক সিনেমা। তবে এবার ঈদে সবচেয়ে বড় আকর্ষণ ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাটি। ২৫ বছর আগে একই নামের ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও গোবিন্দ। ছবিটি বেশ ব্যবসা সফল হয়। এবার আব্বাস জাফর পরিচালিত একই নামের ছবিতে ‘বড়ে’ ও ‘ছোটে’ মিয়া হয়ে আসছেন বলিউডের দুই প্রজন্মের দুই অ্যাকশন হিরো অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এটিই তাদের একসঙ্গে প্রথম অভিনয়। অক্ষয়কে ‘বড়ে’ সম্বোধন করে জ্যাকিপুত্র সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি যে বছর জন্মেছি, সে বছর বলিউডে পা রেখেছেন আপনি। তবে আমি নিশ্চিত, আপনি এখনো লাফ দিয়ে আমার চেয়ে উঁচুতে উঠতে পারবেন।’
অন্যদিকে টাইগারকে উদ্দেশ্য করে অক্ষয় লিখেছেন, ‘যে বছর আমার ক্যারিয়ার শুরু হয়েছে, সে বছরই তুমি জন্মেছ। তাই তো এ সিনেমা আমার জন্য অনেক বেশি আবেগের।’ ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় দুই নায়িকা ছিলেন রাভিনা ট্যান্ডন ও রামাইয়া কৃষ্ণন। সিনেমাটি মূলত কমেডি ঘরানার ছিল। আর এবারের সিনেমাটি অ্যাকশনে ভরপুর। তবে হাস্যরসের ছোঁয়া নেই, তা নয়। এবার সিনেমার নায়িকা হয়েছেন মানুষী চিল্লার এবং আলায়া ফার্নিচারওয়ালা। এ কারণে রিমেক ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ভিন্ন মাত্রা যোগ করতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরই বড় পর্দা কাঁপাতে আসছেন বলিউডের দুই সুপারস্টার। আগামীকাল ১০ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।
এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলার। সেখানে আক্কি-টাইগারের যুগলবন্দি অভিনয়ের প্রথম ঝলকেই বাজিমাত। সন্ত্রাসবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করতেই প্রতিজ্ঞাবদ্ধ অক্ষয়-টাইগার। সেই পরিপ্রেক্ষিতে অ্যাকশনের দৃশ্যের সঙ্গে রয়েছে পাওয়ারফুল সংলাপও। পৃথ্বীরাজ সুকুমারনকে দেখা যাবে কবিরের চরিত্রে। সে একজন সাইকোপ্যাথ কিলার, যে ভারতের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক একটি অস্ত্র নিজের দখলে নিয়ে নেয়। সেটি উদ্ধার করতেই যুদ্ধক্ষেত্রে নামবেন অক্ষয়-টাইগার। পুলিশের চরিত্রে রয়েছেন রণিত রায়। অক্ষয়-টাইগার শেষ পর্যন্ত সাইকোপ্যাথ কিলারকে ধরতে পারবেন? ভারত রক্ষার লড়াইয়ে শেষ পর্যন্ত এ জুটির জয় হয় কি না সেটিই সিনেমার মূল রসদ।
বলিউডে ঈদের ছবি ‘বড়ে মিয়া ছোটে মিয়া’
এপ্রিল ১১, ২০২৪


































