বগুড়া ব্যুরো :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি পেয়েছেন ধানের শীষ। ধানের শীষ প্রতীকেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীর পক্ষে বিএনপি নেতাদের হাতে এই প্রতীক তুলে দেওয়া হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তারেক রহমানের পক্ষে প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মোশারফ হোসেন, সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, যুগ্ম সম্পাদক তাহাউদ্দিন নাইন, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, আবু হাসানসহ প্রমুখ নেতৃবৃন্দ।
দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতা সরাসরি নির্বাচনে অংশ নেওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। নেতা-কর্মীদের দাবি, রেকর্ড পরিমাণ ভোট দিয়ে তাঁরা তাঁদের নেতাকে জয়ী করবেন।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া বিএনপির দুর্গ ছিল, এখনো অক্ষুন্ন আছে। দলের চেয়ারপার্সন এই আসনে প্রার্থী হওয়ায় সর্বস্তরের ভোটারের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আমরা আশা করছি, সব রেকর্ড ভেঙে তারেক রহমান সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী করবো। তিনি বলেন, নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনেই বৃহস্পতিবার থেকে আমরা নির্বাচনি প্রচারণা চালাবো ইনশাল্লাহ।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর হেনা বলেন, তারেক রহমানকে দেশের মধ্যে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ভোট দিয়ে আবারও প্রমাণ করবো বগুড়া বিএনপির ঘাঁটি।
জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বগুড়ার সাতটি সংসদীয় আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবার মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় জেলাজুড়ে নির্বাচনী আচরণবিধি বজায় রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।
তারেক রহমান নির্বাচন করায় বগুড়া জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত আসনে পরিণত হয়েছে বগুড়া-৬ (সদর) আসনটি।
সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার রয়েছেন ১০ জন।
এই আসনে তারেক রহমান ছাড়াও জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল, বাসদের প্রার্থী হিসেবে জেলা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট দিলরুবা নূরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ আবু নুমান মোঃ মামুনুর রশিদ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকি রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এবার বগুড়ার সাতটি আসনেই মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে মূল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ২০০৮ সাল পর্যন্ত বগুড়া ছিল বিএনপির দুর্ভেদ্য দুর্গ। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার সেই দুর্গে ভাগ বসাতে মরিয়া জামায়াত। সাতটি আসনেই তারা শক্ত অবস্থান জানান দিচ্ছে।
আমন্ত্রণ/এজি


































