বগুড়া ব্যুরো :
ইউনিয়ন পরিষদ নির্বাচন এখনও অনেক দুরে। জাতীয় নির্বাচন নিয়েই শংকা কাটছে না। কিন্তু এতো কিছুর মধ্যই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখনই সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বগুড়ার শেরপুর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের হামছায়াপুর নিজস্ব কার্যালয়ে রুকন সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান।
প্রার্থীরা হলেন- উপজেলার খানপুর ইউনিয়নে আব্দুল খালেক ফকির, খামারকান্দি ইউনিয়নে আব্দুল মতিন, সুঘাট ইউনিয়নে লুৎফর রহমান, সীমাবাড়ী ইউনিয়নে ইমাম হোসাইন, বিশালপুর ইউনিয়নে আব্দুস সাত্তার, ভবানীপুর ইউনিয়নে অ্যাড. আব্দুল হালিম, মির্জাপুর ইউনিয়নে হাফেজ জহুরুল ইসলাম ও কুসুম্বী ইউনিয়নে আনিসুর রহমান।
বর্তমানে দুটি ইউনিয়নে জামায়াত নেতারা চেয়ারম্যান থাকায় সেখানে নতুন কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সেখানে বর্তমান চেয়ারম্যানরাই প্রার্থী থাকবেন না অন্যদের প্রার্থী করা হবে সে বিষয়ে পরবর্তিতে জানানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা দবিবুর রহমান, উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা নাজমুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিজ নাসিম, শফিকুল ইসলাম শফিক, শাহিল আলম প্রমুখ।
শেরপুর উপজেলা জামায়াতের আমীর ও বগুড়া-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা দবিবুর রহমান জানান, প্রার্থীরা যেন আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে পারে সেই জন্যই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার শেরপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করল জামায়াত
আগস্ট ২৪, ২০২৫


































