বগুড়া ব্যুরো:
বগুড়ার শাহজাহানপুরে ফ্যানের কার্টুনে ভরে ইয়াবা পাচারের সময় এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।আজ রোববার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার বনানী বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার চাইমনক্য চাকমা কক্সবাজারের টেকনাফ উপজেলার হরিকুলা গ্রামের উবায়ং চাকমার ছেলে।
সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৬টার দিকে বনানী এলাকায় মেসার্স হক এন্ড কোং পেট্রোল পাম্পের সামনে মহাসড়কে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
এসময় ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের ডি-১ সিটে বসা যাত্রী চাইমনক্য চাকমার কাছে থাকা একটি বৈদ্যুতিক ফ্যানের কার্টুন উদ্ধার করা হয়। পরে ওই কার্টুন খুলে তার ভেতরে বিশেষ কায়দায় রাখা ১৬টি নীল রঙের জিপার প্যাকেটে মোট ৩ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।
মাদক বহনের অভিযোগে চাইমনক্যের ব্যবহৃত একটি বাটন ফোনও জব্দ করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, আটক যুবক ইয়াবার এই চালানটি কক্সবাজার থেকে উত্তরবঙ্গের কোনো একটি জেলায় পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আমন্ত্রণ/এজি
বগুড়ার ফ্যানের বাক্সে মিলল ৩২০০ ইয়াবা, যুবক গ্রেপ্তার
এপ্রিল ১৯, ২০২৬


































