বগুড়া ব্যুরো:
বগুড়ার প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের আঞ্চলিক প্রতিনিধি রবিউল করিম হেলাল (৮১) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (১১ মার্চ) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে নানাবিধ জটিল রোগে ভুগছিলেন। ইত্তেফাক থেকে অবসরের পর তিনি গ্রামের বাড়ি গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী একছেলে ও দুইমেয়ে, নাতী, নাতনী রেখে গেছেন।
তার মৃত্যুতে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মোহন আখন্দ ও সদস্য সচিব মেহেরুল সুজন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুম হেলালের মরদেহ বগুড়ার গাবতলি উপজেলার জয়ভোগা গ্রামে পারিবারিক কবরস্থানে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০ জানাজা শেষে দাফন করা হবে।
দেশের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের সাবেক আঞ্চলিক প্রতিনিধি রবিউল করিম হেলালের মৃত্যুতে, এই অঞ্চল হারালো একজন সৎ, নির্ভীক ও দক্ষ সাংবাদিককে। যিনি টানা প্রায় ৫০ বছর এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের নানান ঘটনা তুলে ধরেছেন সংবাদপত্রের পাতায়। সাংবাদিকতায় তার বর্ণিল অবদান, বগুড়া অঞ্চলের মানুষ নিশ্চয়ই যুগের পর যুগ মনে রাখবে।
আমন্ত্রণ/এজি


































