বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিবেদক :
বগুড়ার ধুনট ও গাবতলীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মবুয়াখালী গ্রামে ঈদ উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে এসে আয়মান আলী (৪) ফুটবল খেলায় সময় পুকুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত আয়মান আলী একই এলাকার সোনারগাঁ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের তিন দিন আগে মা আলেয়া খাতুনের সঙ্গে মবুয়াখালী গ্রামে নানা অহেদ আলীর বাড়িতে বেড়াতে আসে আয়মান আলী। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আইনী প্রক্রিয়া শেষে আয়মান আলীর মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বগুড়ার গাবতলীতে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মিরাজ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার পৌর এলাকার তরফমেরু গ্রামে এ ঘটনা ঘটে। মিরাজ ওই এলাকার প্রবাসী মেহেরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পূর্বপাশে একটি পুকুরে একাই গোসল করতে নামে মিরাজ। দীর্ঘ সময়েও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় আশপাশের লোকজন জানান, মিরাজকে পুকুরে নামতে দেখা গেছে। পরে তাকে কোথাও দেখতে না পেয়ে তার মা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজ শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে প্রায় এক ঘণ্টা পর গাবতলী ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় স্থানীয়রা মিরাজকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাবতলী থানার ওসি রাকিব হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশু মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মার্চ ২৬, ২০২৬


































