বগুড়া ব্যুরো :
বগুড়ার সারিয়াকান্দির সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নানের ভাগিনা ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল (৫২)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মফিজুল ইসলাম পটল সারিয়াকান্দি উপজেলার দারুনা গ্রামের বাসিন্দা। তিনি সারিয়াকান্দি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সাবেক সাংসদ আব্দুল মান্নানের ভাগিনা। মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
পুলিশের এই কর্মকর্তা জানান, মফিজুল ইসলাম পটলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে বগুড়ার শিবগঞ্জে পৃথক মামলায় রায়নগর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ জুন) রাতে শিবগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া আশরাফুল ইসলাম (৪৫) শিবগঞ্জ উপজেলার টেপাগাড়ি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত জহুরুল ইসলাম। তিনি শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় সাবেক এমপির ভাগ্নে পৌর আ’লীগের সেক্রেটারি গ্রেপ্তার
জুন ৪, ২০২৫


































