বগুড়া ব্যুরো :
বগুড়ায় সরকারি বিদ্যালয়গুলোতে লটারির বদলে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকরা। তাঁদের বক্তব্য, শিক্ষার মান ধরে রাখা এবং শিক্ষার্থীদের প্রকৃত মেধা মূল্যায়নের জন্য লটারি পদ্ধতি বাতিল করে আগের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা চালু করা প্রয়োজন।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সচেতন অভিভাবকবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরাও অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা বলেন, লটারি পদ্ধতির কারণে অনেক পরিশ্রমি ও মেধাবী শিক্ষার্থী পছন্দের স্কুলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ কমছে।
শাহানুর আলম নামের এক অভিভাবক বলেন, লেখাপড়া কোনো ভাগ্যের খেলা নয়। লটারির মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া চালিয়ে শিক্ষাব্যবস্থাকে ধীরগতিতে মেধা শূন্যতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা চাই অবিলম্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া চালুকরণ করা হোক।
জান্নাতুল ফেরদৌস নামের আরেক অভিভাবক বলেন, দীর্ঘ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পর কেবল লটারির ওপর ভিত্তি করে ভাগ্য নির্ধারণ করায় শিক্ষার্থীরা চরম হতাশায় ভুগছে। সন্তানের এই মানসিক যন্ত্রণা অভিভাবকদের ওপরও প্রভাব ফেলছে। তাই জাতীয় স্বার্থেই ভর্তি পরীক্ষা পুনরায় চালু করা উচিত।
মানববন্ধনে সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অভিভাবক আনোয়ার হোসেন, রিমা খাতুন এবং শিক্ষার্থী তানহা, ফাবিহা ও সাবিহা। সমাবেশ থেকে জানানো হয়, সরকারি বিদ্যালয়ের তৃতীয় ও নবম শ্রেণিসহ সব শ্রেণিতে অবিলম্বে ভর্তি পরীক্ষা চালুর ব্যবস্থা না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় সরকারি স্কুলে লটারি নয়, পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে মানববন্ধন
সেপ্টেম্বর ৩০, ২০২৬






























