বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুরে বোমা বিস্ফোরণের মামলায় আওয়ামী লীগ নেতা শহিদুজ্জামান নান্নুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেস্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বিশালপুর এলাকায় নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শহিদুজ্জামান নান্নু উপজেলার বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে শেরপুরে তৎকালীন বিএনপি প্রার্থী জি এম সিরাজের গাড়িবহরে হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ নভেম্বর বিএনপি নেতা গোলাম মোস্তফা বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে শহিদুজ্জামান নান্নু কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় বোমা বিস্ফোরণ মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
সেপ্টেম্বর ২৬, ২০২৬
































