বগুড়া ব্যুরো :
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা চালিয়ে আব্দুল মান্নানকে (৭২) হত্যার অভিযোগে দায়ের মামলায় বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল মান্নান বগুড়া সদর উপজেলার বানদিঘী পূর্বপাড়ার গ্রামের বাসিন্দা। নিহত আব্দুল মান্নানের ছেলে রানা হামিদ বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় বলা হয় ৪ আগস্ট বেলা ১টার দিকে শহরের কাঠালতলা থেকে বড়গোলা ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা মিছিল নিয়ে পৌঁছলে মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবার রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর নির্দেশে হাজতি ওই আসামিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, ককটেল, পেট্রল বোমা নিয়ে মিছিলে ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও শটগান থেকে গুলি করলে আব্দুল মান্নানের পিঠের বামপাশে লাগলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা হিসেবে ভর্তি করার কিছুক্ষণ পর বেলা দেড়টার দিকে তিনি মারা যান। পড়ে নিহত আব্দুল মান্নানের পরিচয় পাওয়া যায়।
এই ঘটনায় বগুড়া সদর থানায় ১২২ জনের নাম উল্লেখসহ ২০০/৩০০ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় গত ১৮ ডিসেম্বর রাত সোয়া ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুর থেকে আবু সুফিয়ান সফিককে গ্রেফতার করা হয়। পরের দিন ১৯ ডিসেম্বর সন্ধ্যায় আসামি আবু সুফিয়ান সফিককে বগুড়ার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় মান্নান হত্যা মামলায় আ’লীগ নেতা সফিক রিমান্ডে
ফেব্রুয়ারি ২০, ২০২৫
































