বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রæতগামী বাসচাপায় দাদী ও নাতি নিহত হয়েছেন। শনিবার (২৪ মে) রাতে মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মছিরন বেগম (৫০) ও তার আট বছরের নাতি নুর আলম। মছিরন বেগম গড় মহাস্থান হঠাৎপাড়া গ্রামের শহিদুল ইসলামের মা এবং মহাস্থান হোটেলের কর্মচারী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান।
স্থানীয় বুলবুল সার্কাসের মালিক শাহীনুর রহমান জানান, নিহতরা মহাস্থানগড়ে ভাড়া বাড়িতে থাকতেন। শিশুটির বাবা-মা স্থানীয় বিভিন্ন হোটেলে কাজ করতেন, তবে তারা নির্দিষ্ট কোনো হোটেলের কর্মী ছিলেন না। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধায়। আর্থিক অসচ্ছলতার কারণে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া সম্ভব হয়নি। তিনি নিজ উদ্যোগে দাফনের ব্যবস্থা করেছেন। রাতেই তাদের দাফন সম্পন্ন হবে বলে জানান তিনি।
ওসি শাহীনুজ্জামান জানান, মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ কাজ করছে।
আমন্ত্রণ/এসিজি


































