বগুড়া ব্যুরো :
বগুড়ার গাবতলীতে পিকনিকের বাসে তল্লাশি চালিয়ে বার্মিজ চাকুসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ৭ জনই কিশোর। গ্রেপ্তারপ্রাপ্ত বয়স্ক দুইজন হলেন, গাবতলী উপজেলার জমিরবাড়িয়া গ্রামের হায়দার আলীর ছেলে শিহাব উদ্দিন (২০) ও জলিলের ছেলে লাজু সাব্বির (১৯)। বাকিদের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে হওয়া তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
শুক্রবার বিকেলে তাদের বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জা সাহেলার আদালতে সোপর্দ করা হয়। বিচারক প্রাপ্ত বয়স্ক দুইজনকে জেলা কারাগারে ও কিশোর ৭ জনকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। এরআগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পীরগাছা বন্দর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে গাবতলী মডেল থানা পুলিশের এসআই আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলা দায়ের করেন।
বিষয়গুলো নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ। তিনি জানান, গাবতলী উপজেলার আটাপাড়া বাজারে থেকে স্থানীয়রা বৃহস্পতিবার দিনাজপুরের স্বপ্নপুরিতে পিকনিকে যায়। সেখানে কয়েকজন কিশোর বার্মিজ চাকু ক্রয় করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাসটি ফেরার পথে পীরগাছা বন্দরে থামিয়ে তল্লাশি করে। এই গ্রেপ্তার ৯ জনের কাছ থেকে ৬ টি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়। বাসটিতে নারী, পুরুষ ছাড়াও বেশ কয়েকজন শিশু ছিল। ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তার ৯ জন কিশোর গ্যাংয়ের সদস্য। এলাকায় অপরাধ সংগঠনের জন্য তারা দিনাজপুর থেকে বার্মিজ চাকু ক্রয় করেছিল।

































