বগুড়া ব্যুরো :
বগুড়ায় ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এলাকার তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
জহুরুল ইসলাম ওই এলাকায় দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন। পেশায় তিনি বেকারী ব্যবসায়ী ছিলেন। জহুরুলের স্ত্রী শামিমা আক্তার, ছয় বছর বয়সী মেয়ে হোমায়রা ও দশ বছর বয়সী এক ছেলে আছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সোমবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন জহুরুল। এরপর তিনি আর ফেরেননি। পরদিন ভোরে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নেয় বগুড়া সদর থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বগুড়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, এটি একটি হত্যাকাণ্ড। মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
আমন্ত্রণ/এসিজি


































