বগুড়া ব্যুরো :
বগুড়া শহরের অলিগলিতে দেখা মিলছে ব্যতিক্রমী যানে ধানের শীষের প্রচারণা। মোটরসাইকেলকে বিশেষ কায়দায় নির্বাচনি প্রচার গাড়ি বানিতে দিনভর প্রচারণা চালাচ্ছেন বগুড়া সদরের এরুলিয়ার বাসিন্দা মোহাম্মদ সোহেল। মোটরসাইকেলটির সাজসজ্জা আর পরিবেশনভঙ্গির কারণে পথচারীরা কৌতুহল নিয়ে তার প্রচার শুনছেন মনোযোগ সহকারে।
জানা গেছে, সাধারণ একটি মোটরসাইকেলের ‘বডিতে’কৌশল করে বসানো হয়েছে কাঠের ফ্রেম। তারপর সেটাকে নানা উপকরণ দিয়ে সাজানো হয়েছে। এরপর নির্বাচনি প্রতীক ও ভোটের উপকরণ দিয়ে সাজানো হয়েছে। তাতে রয়েছে সুদৃশ্য ধানের শীষ, দলীয় প্রতীক, পোস্টার-লিফলেট, দলীয় পতাকা, ব্যাজ, আর সঙ্গে একটা হ্যান্ডমাইক। তাতে ধীরগতিতে গান বাজছে আর একটু পর-পর তারেক রহমানকে বিজয়ী করতে জনতার কাছে অনুরোধ করা হচ্ছে। বাহনটির সাজসজ্জা আর পরিবেশনভঙ্গির কারণে পথচারীরা কৌতুহল নিয়ে তাকাচ্ছেন সেদিকে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) এমনই ব্যতিক্রমী প্রচারণায় দেখা গেছে বগুড়া- ৬ (সদর) আসনে।
বগুড়া সদরের এরুলিয়ার বাসিন্দা মোহাম্মদ সোহেল জানান তারেক রহমানের প্রতি ভালোবাসা থেকেই তিনি এভাবে ব্যক্তিগতভাবে প্রচারে নেমেছেন। মোটরসাইকেলে এরকম সজ্জা সংযোজন করার জন্য তার সাড়ে ৪ হাজার টাকা ব্যয় হয়েছে, সেটাও তিনি নিজের ‘পকেট’ থেকেই খরচ করেছেন। বিএনপি ক্ষমতায় আসবে এবং সবার প্রিয় তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এমন বিশ্বাস থেকেই তিনি এসব করেছেন।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় তারেক ভক্তের কান্ড
ফেব্রুয়ারি ৪, ২০২৬


































