বগুড়া ব্যুরো :
বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে আফসার আলী (৫০) নামের একজন অটোরিকশাচালক খুন হয়েছেন। এসময় স্থানীয় জনগণ ছুরিকাঘাতের অভিযোগে রেজাউল (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কলমাচাপর গ্রামের রাস্তায় এঘটনা ঘটে। নিহত আফসার আলী কলমা চাপর গ্রামের সফর উদ্দিনের ছেলে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল ওয়াদুদ এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আফসার আলী বাড়ি থেকে বের হয়ে খরনা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমথ্যে কলমাচাপর গ্রামের রাস্তায় একই গ্রামের আবু খায়েরের ছেলে রেজাউল তার পথরোধ করে পেটে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনা জানাজানি হলে গ্রামের লোকজন রেজাউলকে আটক করে মারপিট করে। খবর পেয়ে পুলিশ পৌছে রেজাউলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।
ওসি বলেন, স্থানীয়রা জানিয়েছেন রেজাউল মাদকাসক্ত এবং মানসিক রোগী। এর আগেও ২ জনকে ছুরিকাঘাত করেছিল। আফসার আলীর লাশ ময়না তদন্তের জন মর্গে পাঠানো হয়েছে। রেজাউলকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় ছুরিকাঘাতে অটোচালক খুন মাদকাসক্ত যুবক আটক
সেপ্টেম্বর ২৭, ২০২৪
































