বগুড়া ব্যুরো:
বগুড়ার শিবগঞ্জে মহাসড়কে মা নিহত ও দুই মেয়ে গুরুতর আহত হয়েছে।সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা নামকস্থানে যাত্রীবাহী কোচ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লক্ষ্মী রানী (৪০) নামে এক নারী নিহত হয়।
এ ঘটনায় সিএনজিতে থাকা লক্ষ্মী রানীর দুই মেয়ে সোনালী রানী (১৬), সমাপ্তি রানী (১০) গুরুত্বর আহত হয়। এ ঘটনায় অটোরিকশার চালকও আহত হয়েছেন। নিহত লক্ষ্মী রানী গাবতলী উপজেলার লাংলু গ্রামের খোকন চন্দ্রের স্ত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘অরিন ট্রাভেলস’-এর একটি কোচ চন্ডিহারা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গাবতলীগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী লক্ষ্মী রানী মারা যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কোচটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় কোচ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা নিহত, দুই মেয়ে আহত
আগস্ট ১৯, ২০২৫
































