কাশী কুমার দাস, দিনাজপুর :
ব্রেইন ফাউন্ডেশন পরিচালিত সাইনিং লাইফ স্কুল পরিদর্শন করেছেন চীনের ফুওয়াই ইউনান কার্ডিও ভাসকুলার হাসপাতাল, চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সস এর বিশেষজ্ঞ পেডিয়াট্টিক কার্ডিওলজি দল।
মেকিডেল টিম পরিদর্শনকালে সাইনিং লাইফ স্কুলটিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অকুপেশনাল থেরাপি, স্পিচ ও শিক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে বিশেষ চাহিদা সম্পন্ন ১৮টি শিশুর হৃদরোগ স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিংয়ের মাধ্যমে একজন শিশুর সম্ভাব্য কার্ডিওলজি হৃদরোগ জনিত সমস্যা শনাক্ত করা হয় এবং পরবর্তীতে প্রয়োজনীয় পরিক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ব্রেইন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জানান, পরবর্তীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও চীনের ফুওয়াই হাসপাতালের যৌথ সহযোগিতায় শিশুটি প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা সম্পন্ন বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা হবে যা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ও মানবিক একটি উদ্যোগ।
ব্রেইন ফাউন্ডেশন দিনাজপুর শাখার সভাপতি অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ বলেন এই মহা উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকল বিশেষজ্ঞ চিকিৎসক, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চীনের ফুওয়াই হাসপাতালের চিকিৎসকদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। টিমের সার্বিক সহযোগিতা করেন জাতীয় হৃদরোগ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।
উল্লেখ্য, দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের অপর দিকে ব্রেইন ফাউন্ডেশন কতৃর্ক পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হৃদরোগসহ বিভিন্ন প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরের সাইনিং লাইভ স্কুল পরিদর্শনে চীনা বিশেষজ্ঞ কার্ডিওলজি দল
সেপ্টেম্বর ২৬, ২০২৬






























