বগুড়া ব্যুরো:
বগুড়ায় কবর খননের সময় প্রাচীন যুগের দুইটি পিতলের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গত ১০ জুন সদর উপজেলার গোকুল ইউনিয়নের রামশহর উত্তরপাড়া এলাকায় এ মূর্তি পাওয়া যায়। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার দুপুরে মূর্তিগুলো সদর থানা পুলিশের হেফাজতে নেয়। সোমবার দুপুরে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গোকুল ইউনিয়নের বেহুলার বাসর ঘর সংলগ্ন রাম শহর উত্তরপাড়ার সমাজ শান্তিনিকেতন ক্লাবের পাশে একটি পারিবারিক কবরস্থানে মুকুলের মায়ের মৃত্যু হলে দাফনের জন্য কবর খনন করা হচ্ছিল। এ সময় কবরস্থানের মাটি খুঁড়তে গিয়ে গ্রামবাসী মূর্তি দুটি দেখতে পান। ঘটনার পর ১৩ জুন গ্রামবাসী বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তি উদ্ধারের কার্যক্রম শুরু করে। প্রথমে পুলিশ ওই এলাকার সাইফুল ইসলামে বাসা থেকে একটি ছোট পিতলের মূর্তি উদ্ধার করে জব্দ করে। পরবর্তীসময়ে শনিবার দুপুরে মুকুলের বাসা থেকেও আরও একটি পিতলের মূর্তি জব্দ করা হয়।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান সোমবার জানান, উদ্ধারকৃত মূর্তি দুটি বর্তমানে সদর থানার হেফাজতে রয়েছে এবং বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় কবর খননের সময় প্রাচীন যুগের দুটি পিতলের মূর্তি উদ্ধার
জুন ১৬, ২০২৫
































