বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুরে ছয় বছর আগে বিএনপির সাবেক এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলা-ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কুসুম্বী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা গোলাপ বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্ত হিসেবে স্থানীয় আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সানি, এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) কোরবান আলী মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম খোকন, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, পৌরসভার কাউন্সিলর শুভ ইমরানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৪জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এদিকে মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়েছে মামলার এজাহারনামী আসামি কৃষকলীগ নেতা জামিল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুসুম্বী ইউনিয়নের খিকিন্দা গ্রামের আব্দুল আজিজের ছেলে। পাশাপাশি ইউনিয়ন কৃষক লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
মামলা সূত্রে জানা যায়, বিগত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনিত ধানের শীষের প্রার্থী ছিলেন আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি বিগত ২৪ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বের হন। একপর্যায়ে উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা নামক স্থানে পৌঁছালে মামলায় অভিযুক্তরা অস্ত্রসস্ত্রে সর্জিত হয়ে বিএনপির ওই প্রার্থীর প্রচারণার গাড়িবহরে হামলা চালায়। এসময় বেশকয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়। সেইসঙ্গে ধারালো রাম-দা দিয়ে একটি জিপ গাড়ি ও দুইটি মাইক্রোবাসে কুপিয়ে ভাঙচুর চালান। পাশাপাশি নেতাকর্মীদের বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেন আ. লীগের সন্ত্রাসীরা। পরে ছয়টি মোটরসাইকেলেও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক রাতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রকৃতপক্ষ যারা ওই ঘটনার জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনতে এরইমধ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় এমপি পুত্রসহ আ’লীগের ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, কৃষক লীগ নেতা গ্রেপ্তার
নভেম্বর ১৮, ২০২৪
































