বগুড়া ব্যুরো:
বগুড়ার শেরপুরে সুরভি বেগম নামের এক গৃহবধূর ঘরে একসঙ্গে তিনটি সন্তানের জন্ম হয়েছে। তিন সন্তানের জন্ম হওয়ায় পরিবারে বইছে আনন্দের ঢেউ।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শেরপুর শহরের স্থানীয় এক ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় দুই মেয়ে ও এক ছেলে সন্তান।
সুরভি বেগম উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের চান্দাইকোনা বাগানবাড়ি গ্রামের প্রবাসী তানভির হাসানের স্ত্রী। তানভির-সুরভি দম্পতি তাদের নবজাতকদের নাম রেখেছেন মিম, ঝিম ও তামিম। মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ক্লিনিকের পরিচালক শাহীন আলম জানান, তিন সন্তানের জন্ম আমাদের হাসপাতালের জন্যও একটি বিশেষ মুহূর্ত। অত্যন্ত দক্ষতা ও যত্নের সঙ্গে আমাদের চিকিৎসক দল এই অপারেশন সম্পন্ন করেছেন। মা ও বাচ্চারা সম্পূর্ণ সুস্থ আছেন। আমরা গর্বিত যে এমন একটি সুখবরের অংশ হতে পেরেছি।
গাইনি চিকিৎসক ডা. নুরুন্নাহার পারভিন নাইস বলেন, একসঙ্গে তিন সন্তান প্রসব একটি চ্যালেঞ্জিং ও সংবেদনশীল প্রক্রিয়া। তবে সফলভাবে তা সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত। নবজাতকদের ও মায়ের পরবর্তী যত্ন-আত্তিতে আমরা নিবিড় পর্যবেক্ষণ বজায় রাখছি। একসঙ্গে তিন সন্তানের জন্ম সাধারণত ‘ট্রিপলেট’ বা বাংলায় ‘ত্রয়ী’ নামে পরিচিত। একে আশীর্বাদ হিসেবেই দেখছে পরিবারটি। দীর্ঘ প্রবাস জীবনের পর এমন এক আনন্দঘন মুহূর্ত তাদের পরিবারে অনাবিল খুশির বন্যা বইয়ে দিয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় এক সঙ্গে তিন সন্তানের জন্ম
সেপ্টেম্বর ২৭, ২০২৫


































