বগুড়া ব্যুরো:
বগুড়ায় তারেক রহমানের দেয়া ভোটের গাড়ি উদ্বোধন করা হয়েছে। লাল- সবুজের গাড়িটি ঘুরছে বগুড়া-৬ (সদর) আসনের পথে প্রান্তরে। গাড়িতে তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছবিসহ ধানের শীষের প্রতীক আছে। বগুড়ার এই আসন থেকে তারেক রহমান ভোট করছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দত্তবাড়িতে অবস্থিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে গাড়িটির যাত্রা শুরু হয়। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এর উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান বগুড়ার সন্তান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করছেন। সেই নির্বাচনী প্রচারণায় এই গাড়িতে ঘুরে নেতা-কর্মীরা ভোট চাইবেন পাড়া-মহল্লা এমনকি গ্রামে। এটা একটা নুতন এবং আধুনিক সংযোজন। তিনি আরও বলেন, শুধু নেতা-কর্মীরাই গাড়িতে ঘুরে ভোট চাইবেন না। গাড়িতে মাইক জুড়ে দিয়ে সেখানে ভোটের গান বাজানো হবে। এজন্য আমরা গর্বিত এবং আনন্দিত।
বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ জানান, ডিজিটাল যুগে সব কিছুতেই আধুনিকতার ছাপ রাখতে হবে। চেয়ারপার্সন তারেক রহমানের দেয়া ভোটের গাড়ি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। বিশেষ করে শহরতলীর সাধারণ মানুষের
মাঝে। এর আগে ভোটের প্রচারণায় এমনটি দেখেনি বগুড়াবাসী। তারেক রহমানের এমন সুচিন্তিত অনুভুতিকে বগুড়াবাসী সাদরে গ্রহণ করেছেন।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় উদ্বোধন হলো তারেক রহমানের ভোটের গাড়ি
জানুয়ারি ২৬, ২০২৬
































