বগুড়া ব্যুরো:
বগুড়ায় তাপমাত্রা বেড়েই চলেছে। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দুপুরের পর রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। কর্মব্যস্ত শহর বগুড়ায় গরমের কারণে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় দেখা দিয়েছে চরম ভোগান্তি।
আজ শুক্রবার (৯ মে) বিকেল ৩টায় বগুড়ায় সর্বোচ্চ ৩৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমের এখন পর্যন্ত বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা।
বগুড়া আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর শাহীদুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, গেল ২৩ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আরও তাপমাত্রা বেড়েছে। আগামী দিনে গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাইফুর রহমান শাহীন জানান, গরমজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। হিটস্ট্রোক, পানিশূন্যতা, ডায়রিয়া ও জ্বর-সর্দি নিয়ে অনেকেই ভর্তি হচ্ছেন। তিনি বলেন, ‘বিশেষ করে শিশু ও বৃদ্ধরা এই গরমে বেশি আক্রান্ত হচ্ছেন। গরমে সবাইকে সাবধানে থাকতে হবে, বাইরে বের হলে ছাতা ব্যবহার করতে হবে এবং বেশি করে পানি পান করতে হবে।’
চিকিৎসকরা বলছেন, এই সময়ে শরীরকে ঠাÐা রাখতে যথাসম্ভব সরাসরি রোদ এড়িয়ে চলতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম ও পানি গ্রহণ করতে হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় আবারও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন শিশু ও বৃদ্ধরা এই গরমে বেশি আক্রান্ত হচ্ছেন
মে ৯, ২০২৫
































