বগুড়া ব্যুরো :
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত চিকিৎসাধীন কলেজ ছাত্র মো. নুরুল্লাহকে (২৪), উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ারঅ্যাম্বুলেন্স যোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে: কর্নেল জুয়েল পারভেজ।
এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে হঠাৎ করেই অসুস্থতা বোধ করলে রাত সাড়ে ১২ টার দিকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। নুরুল্লাহ মাথায় গুলিবিদ্ধ স্থানে ইনফেকশন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
নুরুল্লাহ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট নরিচা গাড়ি গ্রামের সাইফুর রহমানের ছেলে। তবে তারা পরিবারসহ শহরের জামিলনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। সে কাহালু সরকারি কলেজে ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
আহত নুরুল্লাহর ভাই নিয়ামুল হাসান মন্ডল জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গত ১৮ জুলাই বগুড়ার শহরের কামারগাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের সামনে নুরুল্লাহ মাথায় গুলিবদ্ধ হয়। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সার্জারি ওয়ার্ডে আস্ত্রোপচার করে তার মাথার গুলি বের করেন। পরে পুলিশি ঝামেলার কারণে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে শহরের হেলথ সিটি ক্লিনিকে চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসা নেয়ার ৭-৮ দিন পর নিজ বাড়িতে চলে যান।
নিয়ামুল আরও জানান, নুরুল্লাহ বেশ সুস্থ ছিলেন। তার মাথায় গুলিবিদ্ধ হওয়ার কারণে শেষ অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ সোমবার রাতে তার মাথা ব্যথা শুরু হয়। পরে তার অবস্থার অবনতি হলে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। পরে অবস্থার আরও অবনতি হলে দুপুরের পর সেনাবাহিনীর সহযোগিতায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়।
বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেঃ কর্নেল জুয়েল পারভেজ বলেন, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুন স্যারের সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় আমরা দ্রæত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আহত নুরুল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় আন্দোলনে গুলিবিদ্ধ কলেজ ছাত্র নুরুল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ
ডিসেম্বর ১৮, ২০২৪


































