বগুড়া ব্যুরো :
বগুড়ার শাজাহানপুরে অনশন করার পরেও প্রেমিক বিয়ে না করায় রিফাত জাহান বৃষ্টি (১৮) নামে এক কলেজশিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বৃকুষ্টিয়া পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
বৃষ্টি ওই গ্রামের কৃষক আরিফুল ইসলামের মেয়ে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজনরা জানান, প্রতিবেশী চোপিনগর ননীপাড়া গ্রামের বাসিন্দা আল আমিনের (৩১) সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বৃষ্টির। কিন্তু বিয়ে করতে রাজি হচ্ছিলেন না তিনি। গত ৯ ডিসেম্বর থেকে কয়েক দিন বিয়ের দাবিতে আল আমিনের বাড়িতে অনশন করেন বৃষ্টি। সেখান থেকে বুঝিয়ে শুনিয়ে বৃষ্টিকে মা-বাবার কাছে ফেরত পাঠান প্রেমিকের বাবাসহ আত্মীয়রা। এরপর কয়েকবার আল আমিনকে বিয়ের জন্য চেষ্টা করেন বৃষ্টি। ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেঁচে নেন।
এ বিষয়ে কথা বলতে আল আমিনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। জানতে চাইলে প্রতিবেশীরা বলেন, বৃষ্টি গত ৯ ডিসেম্বর সকাল থেকে আল আমিনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন। একইভাবে পরপর কয়েক দিন এসে ফিরে যান। মেয়েটি অনেক কান্না করত। কিন্তু আল আমিন বিয়েতে রাজি হননি। গত ১০ ডিসেম্বর আল আমিন এবং তাঁর বাবা মহসিন আলী বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। এখন পর্যন্ত বাড়িতে ফিরে আসেননি।
প্রতিবেশীরা আরও বলেন, শুধু বৃষ্টিই না। এর আগেও কয়েকটি মেয়ের সঙ্গে আল আমিন প্রেমের সম্পর্ক করে প্রতারণা করেন। প্রেম করে আর বিয়ে করেননি। আল আমিনের বিচার হওয়া দরকার। আল আমিন পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, প্রেমিক বিয়ে না করায় মুলত আত্মহত্যা করেছে মেয়েটি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ মামলা করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় অনশন করেও প্রেমিক বিয়ে না করায় কলেজছাত্রীর আত্মহত্যা
ফেব্রুয়ারি ১৪, ২০২৫
































