আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক জুয়েলের (৩৫) ওপর হামলাসহ মারপিচট ঘটনায় ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতাসহ ১১জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধায় উপজেলা পরিষদ চত্বর থেকে মামলার ১নং আসামী কাজিহাল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মানিক রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত সোমবার (২১ অক্টোবর) রাত ১০টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর সিদ্দিক জুয়েলের ওপর হামলা চালানো হয়। আহত স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর সিদ্দিক জুয়েল উপজেলার কাজিহাল ইউনিয়নের মীর পুকুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আহত জুয়েলের বাবা রুহুল আমিন বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।
মামলার এজাহার সুত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক জুয়েল (৩৫), উপজেলার কাজীহাল ইউনিয়নের পুখুরী মোড়ে মুদি দোকান করেন। অভিযুক্তরা বিগত দিনে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক রতনের ছত্রছায়ায় থেকে শত অন্যায় করেও পার পেয়ে আসছিল। কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস করতো না।
গত ২১ আক্টোবর সন্ধ্যা ৭টায় মামলার আসামী ফিজার ও মেহেদুল, সেচ্ছাসেবক দল নেতা জুয়েলের দোকানে এসে জোরপূর্বক জ্বালানী তেল দিতে বললে জুয়েল তাদেরকে পূর্বের পাওনা টাকা পরিশোধ করতে বলে। এতে তারা জুয়েলের ওপর ক্ষিপ্ত হয়ে দলবদ্ধভাবে হাতে ধারালো ছোরা, লাঠি সোটা নিয়ে আবু বক্কর সিদ্দিক জুয়েলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে জুয়েলকে দোকান থেকে টেনে হিচড়ে বের করে এবং এলোপাথারী কিল ঘুষি মারতে থাকে। দোকানের র্যাক সহ অন্যান্য মালামাল ভাঙচুর করে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন হয়। এসময় জুয়েল তাদের বাঁধা দিতে গেলে তারা লাঠি সোটা ও ধারালো অস্ত্র দিয়ে আবু বক্কর সিদিক জুয়েলকে হত্যার উদ্দেশ্যে মারপিটসহ কুপিয়ে জখম করে। জুয়েলের চিৎকার শুনে তার বাবা সহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে আসামীরা পালিয়ে যায়। এসময় জুয়েলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধায় পৌর শহরের বাস্টান্ডে দলীয় কার্যলয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়।
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর কাজিহাল ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মানিক রতন দির্ঘদিন পলাতক থাকার পর এলাকায় এসে আবারও তান্ডব সৃষ্টি করেছেন। এরই ধারাবাহিকতায় সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার পুখুরী মোড়ে তার হুকুমে একদল ক্যাডার বাহিনী কাজিহাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুয়েলের ওপর হামলা করে কুপিয়ে জখম করেছে। তিনি এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে দ্রæত আইনের আওতায় আনার দাবী জানান।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা হামলার ঘটনায় তার বাবা রুহুল আমিন বাদী হয়ে ১১জনের নাম উল্যেখসহ অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় একজনকে আটক করা হয়েছে এবং অন্য আসামীদেরও আটকের অভিযান চলছে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলাসহ মারপিট ঘটনায় ১১জনের নামে মামলা, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গ্রেপ্তার
অক্টোবর ২৩, ২০২৪
































