হিরেন্দ্রনাথ বর্মন হিরু, আমন্ত্রণ প্রতিবেদক :
বৈরী আবহাওয়ায় কৃষকদের জিম্মি করে দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়তি ভাড়া আদায়কারী হাভেস্টর মালিকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা।
জানা যায়, বুধবার (১৩ মে) থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ও উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিনের নেতৃত্বে উপজেলার পৌর এলাকাসহ ২নঙ আলাদিপুর ও ৩নং কাজিহাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধান কাটাই মাড়াই কাজে নিয়োজিত হারভেস্টর মেশিন মালিকদের সঙ্গে ধান কাটাই মাড়াই এর ভাড়া নিয়ে কথা বলেন।
এ সময় হারভেস্টর মালিকদের সরকারি নির্ধারিত দূরত্ব অনুসারে একর প্রতি সাড়ে ৬ হাজার থেকে সাড়ে ৭ হাজার টাকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ও উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন ছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, কৃষক, হারভেস্টর মালিক, কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, হারভেস্টর মালিকরা যাতে নির্ধারিত ভাড়ার চেয়ে কৃষকদের কাছ থেকে বেশি নিতে না পারেন সেজন্য উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ মাঠ পর্যায়ে তদারকি করছে।
আমন্ত্রণ/এজি































