বগুড়া ব্যুরো:
বগুড়ায় পেট্রলপাম্পের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে ঘুমের মধ্যে হাতুরি দিয়ে ২৩ বার আঘাত করে হত্যার ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন একমাত্র অভিযুক্ত গ্রেফতার রাকিবুল ইসলাম ওরফে রতন (২৬)। হত্যা মামলায় গ্রেপ্তার রাকিবুল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মেহেদী হাসান তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এ ঘটনায় সোমবার বিকেলে সদর থানায় মামলা হয়েছে।
বগুড়ার আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত পরিদর্শক জানান, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আসামি রাকিবুল ইসলামকে আদালতে হাজির করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে আদালতের কারাগারে পাঠানো হয়।
পেট্রলপাম্পের নিহত ব্যবস্থাপক ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার রাকিবুল ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।
রোববার রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাঁকে আটক করেন বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, আটকের পর রাকিবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, গত শনিবার ভোররাতের দিকে ঘুমন্ত অবস্থায় পেট্রলপাম্পের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। মৃত্যু নিশ্চিত করতে পরে স্লাই রেঞ্চ এবং চাকু দিয়ে চোখে আঘাত করেন। এরপর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈরে গিয়ে আত্মগোপন করেন। পেট্রলপাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে দাবি করেন রাকিবুল ইসলাম।
ওসি ডিবি আরও বলেন, পুলিশ ইতিমধ্যেই হত্যাকাণ্ডের সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে। তাতে দেখা যায়, বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এতে সময় লেগেছে ২০ সেকেন্ডেরও কম।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন ইকবাল হোসেনের ছোট বোন মোছা. সাদিয়া। সোমবার বগুড়া সদর থানায় করা এ মামলায় একমাত্র আসামি করা হয় বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের কর্মচারী রাকিবুল ইসলামকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জোবায়ের খান বলেন, ডিবির হাতে গ্রেপ্তার রাকিবুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দ্রুত সময়ে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
































