বগুড়া ব্যুরো :
বগুড়ায় সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে গ্রেফতার পাঁচ আসামির জামিন ও রিমান্ডের আবেদন নামঞ্জুর করা হয়েছে। পাবলিক পরীক্ষা আইনে তাদের বিভিন্ন কেন্দ্র থেকে গ্রেফতার করা হয়।আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে পৃথক তিনটি মামলার তদন্তকারী কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। এর আগে রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
গ্রেফতাররা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার শুভগাছা গ্রামের কামরুজ্জামানের ছেলে পিয়াল হোসেন, নন্দীগ্রামের হাটধুমা পূর্বপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে রিয়াদুল জান্নাত, গাবতলীর মরিয়া পশ্চিমপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম, শিবগঞ্জের দহপাড়া গ্রামের ইউসুফ উদ্দিনের মেয়ে শরিফা খাতুন এবং শিবগঞ্জের মোকামতলার শংকরপুরের সৈয়দ জামানের মেয়ে সুরাইয়া আক্তার।
পুলিশ ও মামলা সূত্র জানায়, বগুড়ার কয়েকটি কেন্দ্রে গত ৯ জানুয়ারি সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অসুদপায় অবলম্বনের অপরাধে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং ওয়াইএমসি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় আদমদিঘী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রধান, সারিয়াকান্দি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ মিয়া এবং একই উপজেলার শিক্ষা কর্মকর্তা মাহতাবুর রহমান পৃথক তিনটি মামলা করেন। এরপর তাদের গ্রেফতার দেখিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।
এ মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা হলেন-এসআই শফিকুল ইসলাম, এসআই সিরাজুল ইসলাম এবং এসআই আব্দুল খালেক।
রোববার তদন্তকারী কর্মকর্তারা হাজতি ওই পাঁচ আসামিকে আদালতে হাজির করে রিমান্ড চান। এছাড়া আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে জামিন প্রার্থনা করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন শুনানি শেষে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন।
আমন্ত্রণ/এজি
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বগুড়ায় গ্রেফতার ৫ জনের রিমান্ড ও জামিন নামঞ্জুর
জানুয়ারি ১২, ২০২৬
































