গাবতলী (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার গাবতলীতে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাতহলিদা গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আতাউর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত বুলু প্রামাণিকের ছেলে মন্টু, বাবুল ও মামুনের দীর্ঘ দেড় বছর ধরে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আবু বক্কর সিদ্দিকের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ সময় আবু বক্করকে বাঁচাতে এগিয়ে গেলে আতাউর রহমানসহ তাঁর পরিবারের সদস্য জেমি বেগম (৩৫), শিফা খাতুন (২৫) ও বৃষ্টি খাতুন (১৫) গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন নিহত আবু বক্কর সিদ্দিককে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করেছে।
এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আমন্ত্রণ/এজি
গাবতলীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে বৃদ্ধ নিহত, আহত ৪
জানুয়ারি ১২, ২০২৬
































