বগুড়া ব্যুরো :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আগুনে দগ্ধ হয়ে জামিরন বিবি (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত জামিরন বিবি উপজেলার চামরুল ইউনিয়নের কাথহালী দক্ষিণপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রচণ্ড শীত থেকে বাঁচতে তিনি ঘরের ভেতরে চুলার পাশে আগুন পোহাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত চুলার আগুন তাঁর গায়ে থাকা ওড়না ও কাপড়ে লেগে যায়। এতে শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।
বৃদ্ধার চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নেভান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর রোববার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এজি


































