আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় প্রডিউসার গ্রুপের (পিজি) খামারিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং খামারিদের মাঝে উপকরণ বিতরণ করেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, এমপি প্রতিনিধি মো. সাহাজুল ইসলাম, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক মো. সিদ্দিকুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৪৪০ জন পিজি খামারির মাঝে গবাদিপশু পালন ও ডেইরি খামার উন্নয়নে সহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। বিতরণ করা উপকরণের মধ্যে ছিল ফিডার, পানির পাত্র, ওষুধ, ভিটামিন, জীবাণুনাশক সামগ্রীসহ প্রয়োজনীয় প্রাণিসম্পদ ব্যবস্থাপনা উপকরণ।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে খামারিদের আধুনিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। এতে একদিকে খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন, অন্যদিকে দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আমন্ত্রণ/এজি
প্রাণিসম্পদ উন্নয়নে ফুলবাড়ীতে ৪৪০ খামারিকে উপকরণ সহায়তা
মে ২১, ২০২৬


































