বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের শেরপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানাকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে শেরপুর বাসস্ট্যান্ডের কোচ টার্মিনালের এসআর কাউন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে চিনে ফেলেন এবং আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ২৮ এপ্রিল শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বিস্ফোরক দ্রব্য আইনে মামলা (নং-২৪) দায়ের করেন।
মামলায় বগুড়া-৫ আসনের সাবেক দুই সংসদ সদস্য, শেরপুর উপজেলা ও শহর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ১৪১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি
পালাতে গিয়ে শেরপুরে উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার
এপ্রিল ২৯, ২০২৫


































