দৈনিক আমন্ত্রণ, পার্বতীপুর প্রতিবেদক :
দিনাজপুরের পার্বতীপুর শহরের হলদীবাড়ী রেলগেট এলাকায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ দখলে থাকা বাড়ি দখলমুক্ত করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের পাকশী বিভাগের ভূ-সম্পদ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান এর নির্দেশে আজ রবিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী পার্বতীপুর শহরের উপকণ্ঠে হলদীবাড়ি রেলগেট এলাকায় ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযান চলাকালে পার্বতীপুর রেল থানার পুলিশের উপ-পরিদর্শক মো. সাজেদুর ইসলাম, কানুগো মো. সাজ্জাদুল ইসলাম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের পাকশী বিভাগের ভূ-সম্পদ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. নুরুজ্জামান জানান, রেলের জমি ও স্থাপনা বেআইনিভাবে ভোগ-দখল করে আসছে। রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে ২৫টি অবৈধ স্থাপনা ও দুই বাড়ি দখলমুক্ত করা হয়েছে।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে ফিল্ড কানুগো মো. সাজ্জাদুল ইসলাম বলেন, হলদীবাড়ী রেলগেট এলাকার দুই ধারে অবৈধ স্থাপনা থাকায় ট্রেন চলাচলে সমস্যা হতো। তাই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।


































