আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী আটাপাড়া রেলগেট এলাকায় গেটম্যান আত্মহত্যার হাত থেকে রক্ষা করলেন এক গৃহবধূকে। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন ও অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে আত্মহত্যার পথ বেছে নেন গৃহবধূটি।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১’টায় ঘটনাটি ঘটে আটাপাড়া রেলগেটের অদূরে। গৃহবধূকে উদ্ধার করে গেটম্যানের ঘরে রেখে পুলিশে খবর দেন। গৃহবধূর আত্মহত্যার চেষ্টার সঠিক কারণ উদঘাটনের চেষ্টা করছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পন্ডিতপুর গ্রামের আকরাম হোসেনের মেয়ে সাবরিনা আফরোজ শেফার সঙ্গে বিয়ে হয় উপজেলার ধরঞ্জী ইউপির রতনপুর (জোড়পুকুর) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাসুদুর রহমানের সঙ্গে। কিছুদিন ঘর সংসার করার পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। এরপর শেফা ঢাকায় গার্মেন্টসে চাকরি নেন। এসময় মাসুদুর ফোনে তার সাথে যোগাযোগ করে অবৈধ মেলামেশাও করে আবারো বিয়ে করার ছলনায়। দীর্ঘদিন মাসুদুর শেফার সঙ্গে যোগাযোগ বন্ধ করলে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে স্বামীর দাবিতে মাসুদুরের বাড়িতে আসেন।এসময় মাসুদুর ও তার পরিবারের লোকজন তাকে মেনে নেননি। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে স্বামী ও শাশুড়ি মিলে মারপিট করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এসব কারণে মনের দুঃখে ট্রেনে কেটে আত্মহত্যা করার চেষ্টা করে সাবরিনা আফরোজ শেফার।
পাঁচবিবি থানার এসআই মো. নূরুন্নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। গৃহবধূটি কেন আত্মহত্যার চেষ্টা করেছেন তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবিতে আত্মহত্যার হাত থেকে গৃহবধূকে রক্ষা করলেন গেটম্যান
সেপ্টেম্বর ১৪, ২০২৫


































