নবীনগর সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে একই পরিবারের চার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও দুই সন্তান। আজ রোববার সকালে নবীনগর পৌর শহরের ২নং ওয়ার্ড বিজয়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. সোহাগ (৩৩), তার স্ত্রী জান্নাতুল (২২), তাদের সন্তান ফারিয়া (৪) ও ফাহিমা (২)। নিহত সোহাগের পিতার নাম আমির মিয়া ও শাশুড়ির নাম মনো বেগম। তারা একই এলাকা বিজয়পাড়ার স্থায়ী বাসিন্দা।
নিহত জান্নাতুলের মা মনো বেগম বলেন, সকালে তারা ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয়। পরে দরজা খোলার জন্য ডাকাডাকি করেন তিনি। তবে ঘরের ভেতর থেকে কারও সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। পথচারী উজ্জ্বল মিয়ার সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে দেখতে পান তার মেয়ে, নাতনিরা এবং মেয়ের জামাইসহ চারজনের ঝুলন্ত শরীর।
তিনি জানান, পরে পুলিশকে খবর দেওয়া হয়। নবীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।
একই পরিবারের চারজনের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্তের পর কারণ জানা যাবে।
আমন্ত্রণ/এজি
নবীনগরে ঘরেই ঝুলছিল একই পরিবারের চারজনের মরদেহ
জুলাই ২৯, ২০২৪

































