নবাবগঞ্জ সংবাদদাতা :
দিনাজপুরের নবাবগঞ্জে গরু-ছাগলের জন্য বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে মাহমুদপুর ইউনিয়নের পাদুমহার গ্রামের উত্তর খেতের ধানক্ষেতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহত দুইজন সম্পর্কে বেয়াই।
বজ্রপাতে নিহত দুইজন হলেন, নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাদুমহার গ্রামের মৃত জোনাব আলীর ছেলে রাজা মিয়া (৫২) ও পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রামের মৃত অলিমুদ্দিনের ছেলে শাজাহান আলী (৪৫)। নিহত দুইজন সম্পর্কে বিয়াই হওয়ায় শাজাহান আলী বেয়াই রাজা মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
রাজা মিয়ার ভাই বাবু মিয়া বলেন, ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে দুই বেয়াই ধানখেতে ঘাস কাটতে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ পাচ্ছিলাম না। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১০টার দিকে মাঠের এক শ্যালোমেশিনের ছাউনির নিচে তাদের মরদেহ পড়ে থাকতে দেখতে পাওয়া যায়।
বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ বলেন, ধানখেতে ঘাস কাটার সময় বৃষ্টি শুরু হলে দুই বেয়াই খেতের পাশে থাকা একটি শ্যালোমেশিনের ছাউনিতে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। ঘটনা জানার পর ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
নবাবগঞ্জে গরু-ছাগলের জন্য ধানক্ষেতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে
অক্টোবর ১১, ২০২৪
































