আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ইউনিয়নের ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায় মথুরাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। তিনি বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সৃজনশীল ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ। মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক আফছার আলী, নুর কুতুবুল আলম, আতিকুর রহমান খোকন, আবু সাহমা, আফরোজ্জাহান বন্যা, বিএনপি নেতা জেল হোসেন ঠান্ডু, আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান, মহফুজার রহমান এবং ইউপি সদস্য সাইদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে ইউনিয়নের ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা শিক্ষার্থীদের সুস্থ, দক্ষ ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান।
আমন্ত্রণ/এজি
ধুনটে ৫২ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
জুন ২৩, ২০২৬
































