আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় একটি ইজারা নেওয়া সরকারি জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্যজীবী মুকুল চন্দ্র হাওয়ালদার। তিনি মঙ্গলবার (১৫ এপ্রিল) ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিলবাইশা সরকারি জলাশয়টি মথুরাপুর-উলিপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা বন্দোবস্ত নিয়েছেন মুকুল চন্দ্র হাওয়ালদার। তিনি মথুরাপুর গ্রামের তারাপদ হাওয়ালদারের ছেলে এবং উক্ত সমবায় সমিতির সভাপতি।
মুকুল চন্দ্রের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৩ এপ্রিল বিকেল ৪টার দিকে পেচিবাড়ি গ্রামের লালন চন্দ্র ও নরেন চন্দ্র হাওয়ালদার বিলবাইশা জলাশয়ের গঙ্গাপূজা অংশে বিষ প্রয়োগ করেন। এতে ওই অংশের প্রচুর মাছ মারা যায় এবং ভেসে ওঠে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মুকুল চন্দ্র।
এ বিষয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও অভিযুক্ত লালন চন্দ্র ও নরেন চন্দ্রের বক্তব্য পাওয়া যায়নি।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আমন্ত্রণ/এসিজি
ধুনটে সরকারি জলাশয়ে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা
এপ্রিল ১৬, ২০২৫
































