আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে সরকারিভাবে মোট ১ হাজার ৬১৪ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (বিকেল ৪টা) ধুনট খাদ্য গুদাম চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ফারুক হোসেন, বগুড়া জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি ও যুথী অটো রাইস মিলের স্বত্বাধিকারী হায়দার আলী হিন্দোল, বগুড়া জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা চালকল মালিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, উপজেলা খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম এবং ধুনট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ছানোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় কৃষকরা ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত ধান সরাসরি সরকারের কাছে বিক্রির সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আমন্ত্রণ/এজি
ধুনটে সরকারি খাদ্য গুদামে বোরো ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১,৬১৪ মেট্রিক টন
মে ৫, ২০২৬
































