আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় খাবারের সন্ধানে বের হওয়া একটি বুনো শিয়ালের আক্রমণে বাচ্চু মিয়া (৫৫) নামে এক কৃষক আহত হয়েছেন।
আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামে ফসলের মাঠে এ ঘটনা ঘটে।
আহত বাচ্চু মিয়া ওই গ্রামের ছেবাত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বাড়ির পাশের ফসলের মাঠে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যান বাচ্চু মিয়া। তিনি কাস্তে দিয়ে জমির আইল থেকে ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ করে একটি বুনো শিয়াল ভুট্টাক্ষেত থেকে বের হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ চালায়।
আকস্মিক এই হামলায় বাচ্চু মিয়ার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর জখম হয়। তবে তিনি সাহসিকতার সঙ্গে হাতে থাকা কাস্তে দিয়ে শিয়ালটির সঙ্গে লড়াই করে আত্মরক্ষার চেষ্টা করেন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সমনুল হক জানান, শিয়ালের কামড়ে আহত অবস্থায় বাচ্চু মিয়া চিকিৎসা নিতে আসেন। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত থাকলেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বুনো প্রাণীর আক্রমণ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
আমন্ত্রণ/এজি
ধুনটে বুনো শিয়ালের আক্রমণ: কাস্তে হাতে লড়াই করে প্রাণে বাঁচলেন কৃষক
এপ্রিল ৩, ২০২৬


































