আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগে করা মামলায় শাহ আলম (৪৩) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে থানা থেকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠনো হয়েছে। শাহ আলম উপজেলার মাটিকোড়া গ্রামের ইসাহাক আলীর ছেলে এবং ধুনট ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য। এরআগে বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির কর্মী সভায় ককটেল হামলা চালায়। হামলাকারীরা বিএনপির কার্যালয় ও কার্যালয়ে রক্ষিত চেয়ার-টেবিল ভাংচুর করে। এ ঘটনায় ২৬ জানুয়ারী উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে ৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০/৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি শাহ আলম।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
































