আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
দেশের অন্যান্য স্থানের মতো বগুড়ার ধুনট উপজেলায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডা. মামুন-অর-রশিদ।
প্রাণিসম্পদ দপ্তরের মনিটরিং অফিসার মাহবুদুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—উপজেলা কৃষি কর্মকর্তা ছমিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সরলা রানী, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সহসভাপতি মাসুদ রানা ও সফল খামারি জহুরুল ইসলাম মিলন।
দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০টি স্টলে দেশি ও বিদেশি জাতের গবাদিপশু প্রদর্শন করা হয়। প্রদর্শনী ঘিরে খামারি, কৃষক ও দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা ছিল উৎসবমুখর।
আমন্ত্রণ/এসিজি


































