আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনটে মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের করা নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের রঞ্জু মন্ডলের ছেলে ও উপজেলা ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক শিপন (২৬) এবং একই এলাকার ইউসুফ হারুন সুলতানের ছেলে ও পৌর আওয়ামী লীগের সক্রিয় সদস্য আব্দুল্লাহ আল হারুন বাবু (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাতে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতি গ্রামের তিনমাথা পাকা সড়কে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী মশাল মিছিল বের করেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ১০ ডিসেম্বর রাতে গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ধুনট থানায় নাশকতার মামলাটি দায়ের করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, মামলায় শিপন ও আব্দুল্লাহ আল হারুন বাবুর নাম উল্লেখ না থাকলেও তদন্তে তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে তাদের অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলায় নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আমন্ত্রণ/এজি
ধুনটে নাশকতার মামলায় আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
সেপ্টেম্বর ২১, ২০২৬
































