আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় ভূমি সেবা সহজীকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আজ মঙ্গলবার সকাল ১১টায় এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ধুনট উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
সভায় আরও বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা সাব-রেজিস্ট্রার নাইমা সিদ্দিকা, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুল মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, বিএনপি নেতা আকতার আলম সেলিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মোমিন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান।
বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন অনেক সহজ ও ডিজিটাল হয়েছে। সাধারণ মানুষকে ভূমি সেবা সম্পর্কে সচেতন করতে এবং দ্রুত সেবা নিশ্চিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
ধুনটে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
মে ১৯, ২০২৬
































