আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি-হেউটনগর সড়কের একটি কালভার্ট টানা বর্ষণের পানির চাপে ধসে পড়েছে। আজ সোমবার (২২ জুন) সকালে এ ঘটনা ঘটে। এতে উপজেলার নিমগাছি ও কালেরপাড়া ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অর্থায়নে ২০০১ সালে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও পানি নিষ্কাশনের সুবিধার্থে ১৫ মিটার দৈর্ঘ্যের কালভার্টটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের পর থেকেই কালভার্টটি নড়বড়ে অবস্থায় ছিল। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ও নিম্নমানের নির্মাণকাজের কারণে এটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু প্রয়োজনীয় সংস্কার করা হয়নি।
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে আশপাশের মাঠে পানি জমে যায়। পরে সেই পানি প্রবল স্রোতে নিষ্কাশনের সময় কালভার্টের এক পাশের মাটি সরে গিয়ে পুরো কাঠামোটি ধসে পড়ে। এতে কালভার্টটি দুই পাশের পাকা সড়ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
কালভার্টটি ধসে পড়ায় শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প পথ ব্যবহার করে অতিরিক্ত সময় ব্যয় করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের।
স্থানীয় বাসিন্দারা জানান, নিম্নমানের নির্মাণকাজের কারণেই কালভার্টটি অল্প সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দ্রুত নতুন কালভার্ট বা টেকসই সেতু নির্মাণের মাধ্যমে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান তারা।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ধুনট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আপাতত নতুন একটি কালভার্ট নির্মাণের জন্য প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। পরবর্তীতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় সেখানে একটি টেকসই সেতু নির্মাণ করা হবে।
আমন্ত্রণ/এজি
ধুনটে টানা বৃষ্টিতে কালভার্ট ধস, ১৫ গ্রামের ৩০ হাজার মানুষের সড়ক যোগাযোগ বন্ধ
জুন ২২, ২০২৬

































