আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনির্বাপন মহড়া প্রদর্শন করেন। এ সময় আগুন লাগলে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং প্রাথমিকভাবে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয় তা উপস্থিতদের সামনে প্রদর্শন করা হয়।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের কর্মসূচির উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) খায়রুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাবেক পৌর প্রশাসক আকতা র আলম সেলিম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।
আমন্ত্রণ/এজি


































