আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনটে সরকারি ভর্তুকির সার অবৈধভাবে মজুদ করে রাখার অভিযোগে চার ব্যবসায়ীকে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন দোকান থেকে ৭৬ বস্তা সার জব্দ করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মথুরাপুর ও খাদুলি চারমাথা বাজারে অভিযান পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
কৃষকদের জন্য সরকারি ভর্তুকিতে বরাদ্দ করা সার কৃষকের কাছে পৌঁছানোর কথা থাকলেও কয়েকজন ব্যবসায়ী তা অবৈধভাবে মজুদ করে রেখেছেন—এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে খাদুলি চারমাথা বাজারের ব্যবসায়ী মোখলেসকে ৫০ হাজার টাকা, বেলাল হোসেনকে ৩০ হাজার টাকা এবং আব্দুল মোমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মথুরাপুর বাজারের ব্যবসায়ী মোহসিন আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বেলাল হোসেনের দোকান থেকে ১৪ বস্তা, মোখলেসের দোকান থেকে ২৮ বস্তা, আব্দুল মোমিনের দোকান থেকে ১১ বস্তা এবং মোহসিন আলমের দোকান থেকে ২৩ বস্তা সার উদ্ধার করে জব্দ করা হয়।
অভিযানকালে আব্দুল মোমিনের দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশকও পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে ধ্বংস করা হয়।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম বলেন, কৃষকদের জন্য বরাদ্দ সরকারি ভর্তুকির সার অবৈধভাবে মজুদসহ সার ও কৃষি উপকরণ বিক্রিতে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এজি
ধুনটে অবৈধ সার মজুদের দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ৭৬ বস্তা সার
সেপ্টেম্বর ৮, ২০২৬
































