আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলার বিভিন্ন খাল-বিল ও জলাশয় থেকে এসব জাল উদ্ধার করা হলেও অভিযানের সময় জালের মালিকদের কাউকে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বাটিকাবাড়ি এলাকার বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, অফিস সহকারী রাকিব হাসান, ক্ষেত্র সহকারী রেজাউল করিম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এসব জালে মাছের পোনা ও ছোট মাছ নির্বিচারে ধরা পড়ায় প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার ব্যাহত হয়। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জেলেদের বৈধ জাল ব্যবহার এবং মৎস্য সংরক্ষণ আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, “সাম্প্রতিক সময়ে ধুনট উপজেলার বিভিন্ন জলাশয়ে অবৈধ চায়না দুয়ারী জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধনের ঘটনা আমাদের নজরে এসেছে। এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় সোয়া লাখ টাকা। দেশীয় মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রশাসন কোনো ধরনের অবৈধ জাল ব্যবহার সহ্য করবে না। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযানও চলমান থাকবে।
আমন্ত্রণ/এজি
দেশীয় মাছ রক্ষায় ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সোয়া লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
জুলাই ১৭, ২০২৬
































