প্লাবন শুভ :
দীর্ঘ ১৫ বছর পর দিনাজপুরের ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির ১২ সদস্যের কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২০২৫ বর্ষের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) রাত ৮টায় ফুলবাড়ী পৌর বাজারের এনএন সুপার মার্কেটস্থ ব্যবসায়ী সমিতি’র অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী। ঘোষিত তফসিলে অনুযায়ী ২ মে বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩ মে শুক্রবার ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ ও আপত্তি শুনানি, ৪ মে শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৫ মে রবিবার মনোনয়নপত্র বিতরণ, ৬ মে সোমবার মনোনয়নপত্র জমাদান, ৭ মে মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৮ মে বুধবার খসড়া মনোনয়নপত্রের প্রার্থীর তালিকা প্রকাশ, ৯ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার, ১০ মে শুক্রবার প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, ১১ মে শনিবার প্রতীক বরাদ্দ এবং ১৮ মে শনিবার ভোটগ্রহণ।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে থানা ব্যবসায়ী সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। এলাকার তরম্নণ ব্যবসায়ীদের প্রচেষ্টা ও অগ্রণী ভূমিকার জন্য সমিতিটি সচল হয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে উৎসব মূখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ১ হাজার ২৫ জন ব্যবসায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি বলিষ্ট নেতৃত্ব নির্বাচিত করবেন বলে আশা করা হচ্ছে। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক জারজিস আহমেদ, সদস্য সহকারী অধ্যাপক খুরশিদ আলম নাদিম, ব্যবসায়ী সমিতির অন্যতম নেতা মো. আব্দুল কাইয়ুমসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৫ বছর পর ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা
এপ্রিল ২৯, ২০২৪


































